**কালের বার্তা অনলাইন ডেস্ক :**চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সেমিনারে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে আরও গভীর শিল্প ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আমরা আগ্রহী।” তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান।

আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস
সরকারি সেবার ডিজিটালাইজেশন
নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ
বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার
ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে। একই সঙ্গে চীনে বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় চালু হলে চীনা বিনিয়োগকারীরা সরাসরি সেবা পাবেন।
সফরকালে প্রধানমন্ত্রী চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা জোরদারে ঐকমত্য হয়।
প্রধানমন্ত্রী নদী খনন, বন্যা ব্যবস্থাপনা, সেচ উন্নয়ন ও নৌ-নেভিগেশন খাতে চীনের সহযোগিতা কামনা করেন। জবাবে চীনের পক্ষ থেকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেওয়া হয়।
বিজ্ঞাপন

এ সময় চীনভিত্তিক প্রতিষ্ঠান মেগা রিচ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার কেভিন উ এবং শীর্ষ অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান চেরি গ্রুপের প্রেসিডেন্ট ইন টংইউয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া সফর সম্পন্ন করে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলনে অংশ নেন।
সেখানে তিনি বৈশ্বিক জলবায়ু নেতৃত্ব, প্রযুক্তি ও অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পেজ থেকে