টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা চত্বরে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ শেষে উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলার ১২টি ইউনিয়নেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার ও মো. নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।