টাঙ্গাইলে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন ২০২৬) দুপুর ২:০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর জেলা পরিসংখ্যান কার্যালয়।
কর্মশালায় দেশের অর্থনৈতিক কাঠামোর ব্যাপক পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। কর্মশালায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সাঈদ আহমেদ।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় প্রতিবেদন উপস্থাপনকালে জানানো হয়, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’—এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। এতে আধুনিক প্রযুক্তি যেমন CAPI (Computer Assisted Personal Interviewing) ও GIS ম্যাপিং ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। পরবর্তীতে ২০০১ ও ২০০৩ সালে দ্বিতীয় এবং ২০১৩ সালে তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে সর্বশেষ চতুর্থ শুমারি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
শুমারির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। অর্থাৎ এক দশকে প্রায় ৪৯.৬৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। টাঙ্গাইল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২,৮০,৩৩০টি; যার মধ্যে স্থায়ী ১,৩৯,৪৪২টি, অস্থায়ী ১০,৩০৭টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ১,৩০,৫৮১টি।
এছাড়া, শুমারি অনুযায়ী দেশে মোট নিয়োজিত জনবল ৩,০৬,৩২,৬৬১ জন, যা ২০১৩ সালের তুলনায় ২৫.০৩ শতাংশ বেশি। এর মধ্যে পুরুষ ৮৩.২৮ শতাংশ এবং নারী ১৬.৭১ শতাংশ। টাঙ্গাইল জেলায় মোট কর্মরত জনবল ৬,৪২,৯২০ জন; যার মধ্যে স্থায়ী ৪,৬৭,৯৩৩ জন, অস্থায়ী ১৩,০৮৫ জন এবং অর্থনৈতিক খানায় কর্মরত ১,৬১,৯০২ জন।
জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী টাঙ্গাইলে রয়েছে ১৬২টি বৃহৎ শিল্প, ৭৫৯টি মাঝারি শিল্প, ১১,৩১১টি ক্ষুদ্র শিল্প, ১,৪৮,৬০২টি মাইক্রো শিল্প এবং ১,১৯,৪৯৬টি কুটির শিল্প।
কর্মশালায় বক্তারা শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং অর্থনৈতিক প্রবণতা পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার জরিপ সফল করতে সংশ্লিষ্ট ব্যবসায়িক ফোরাম ও অংশীজনদের সহযোগিতা কামনা করা হয়।