টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, তছনছ আলমারি-ওয়ার্ডরোব
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরে বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর এবং একটি কাঠের ওয়ার্ডরোব খুলে জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। তবে কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পেছনে শুধু চুরির উদ্দেশ্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
বিজ্ঞাপন

গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময় টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাড়িটিতে বসবাসকারী মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় বাড়িটি দেখাশোনার দায়িত্ব পূর্বপরিচিত শফিকুর রহমানকে দিয়ে যান আফিয়া খান। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িতে তালা দিয়ে বাইরে যান। সে সময় বাড়ির সবকিছু স্বাভাবিক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে এসে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ ছাড়া তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং একটি কাঠের ওয়ার্ডরোব খোলা অবস্থায় পাওয়া যায়।
আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাইবোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং পরিবারের অন্য সদস্যরা সবাই উপস্থিত না থাকায় ঠিক কী কী জিনিস খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগেও চুরি হওয়া জিনিসপত্রের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
আফিয়া খান জানান, ঘটনাটি নিছক চুরি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করেছিল, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নাট্যকার মামুনুর রশীদ জানান, তাঁর পৈতৃক বাড়ির তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারির জিনিসপত্র তছনছ করেছে। ভাইবোনদের মাধ্যমে তিনি এ ঘটনার খবর পেয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাড়ির গ্রিলের তালা ভেঙে প্রবেশ, আলমারি ভাঙচুর এবং জিনিসপত্র তছনছ করার ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।