টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকায় সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে ছুটে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। শিশুটির মা স্থানীয় একটি পার্লারে কাজ করেন। অভিযুক্ত বিপ্লব (২২) ওই পার্লারে নিয়মিত যাতায়াত করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটির মায়ের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে তাঁর মেয়ে পার্লারের নিচে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে বিপ্লব তিনটি চিপসের প্যাকেট নিয়ে তাঁর কাছে আসেন। মেয়ের অবস্থান জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলে সেখান থেকে চলে যান।
পরে এক রিকশাচালক শিশুটিকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিবারের অভিযোগ, ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ ও নাকে আঘাত করেন। এতে তার নাক ও ঠোঁট গুরুতর জখম হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী জানান, প্রাথমিক মেডিকেল পরীক্ষায় পাওয়া আলামত ধর্ষণের অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিশুটির নাক ফেটে গেছে এবং ঠোঁটে সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুটিকে দেখে চিকিৎসার খোঁজখবর নেন এবং তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় সবাই মর্মাহত। অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলা হয়েছে। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এলাকার সংসদ সদস্য হিসেবে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করবেন। প্রয়োজনে পরদিনই তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত বলে শোনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হাসপাতালে প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াস, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।