ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের ৮ টি আসনের প্রার্থীদের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় ও প্রতীক বরাদ্দ।
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলার ৮ টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের উদ্যোগে জেলার রিটার্নিং কর্মকর্তার এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়। ২১ জানুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। তিনি বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হলে সকল প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক আরও বলেন,নির্বাচনী প্রচারণাকালে কোনো ধরনের সহিংসতা,প্রলোভন,আইন লঙ্ঘন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানো ও নির্বাচন আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। সভা শেষে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল জেলার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে দলীয় প্রতীকসহ স্বতন্ত্র ৪৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।
বিজ্ঞাপন

টাঙ্গাইল জেলার ৮ টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্য কে কোন প্রতীক পেলেন : মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ হোসেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মোটরসাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুল ইসলাম তালা পেয়েছে তালা প্রতীক।
গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির তালুকদার লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন সাগর পেয়েছেন হাতপাখা প্রতীক।
ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. ওবায়দুল হক ধানের শীষ প্রতীক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলা কলি, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম হাতপাখা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার পেয়েছেন হাস প্রতীক।
কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ লুৎফর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ লিয়াকত আলী লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলী আমজাদ হোসেন হাতপাখা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী হাস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হালিম মিয়া পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ।
টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোজাম্মেল হক লাঙ্গল প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত প্রার্থী সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা তারা প্রতীক, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম ট্রাক প্রতীক, গণ সংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বিথি মাথাল প্রতিক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এ কে এম শরিফুল ইসলাম ডাব প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার জাকির হোসেন হাতপাখা প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত প্রার্থী হাসরত খান ভাসানী একতারা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছে হরিণ প্রতিক।
নাগরপুর ও দেলদুয়ার উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আখিনুর মিয়া হাতপাখা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মামুনুর রহিম সুমন লাঙ্গল প্রতীক, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী তারেক শামস খান হিমু বাইসাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম মোরগ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার পেয়েছেন হরিণ প্রতীক ।
মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী মো: তোফাজ্জল হোসেন পেয়েছেন হাতী প্রতীক।
বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ নাজমুল হাসান লাঙ্গল প্রতীক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ কোদাল প্রতীক, আমজনতার দল মনোনীত প্রার্থী মোঃ আলমগীর হোসেন প্রজাপতি এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন হরিণ প্রতীক।
প্রতীক বরাদ্দ পেয়ে কোন কোন প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কার্যালয় ত্যাগ করেন।
এবার টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫জন প্রার্থী নমিনেশন পেপার জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। পরে ইলেকশন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন গত মঙ্গলবার(২০ জানুয়ারি) ৯ জন নমিনেশন পেপার প্রত্যাহার করে নেন।
আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচন পরিচালনায় জেলায় দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগন, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জেলা প্রশাসন সূত্র জানায়,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে টাঙ্গাইল জেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।