নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, অপসারণ ও শাস্তির দাবি
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন অভিযোগে ভুক্তভোগীরা।
অভিযুক্ত ব্যক্তি বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে সংহতি জানিয়ে অংশ নেয় সিএনজি চালিত অটোরিকশা, অটো টেম্পু ও ব্যাটারিচালিত ইজিবাইক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দেন কাঠুরি গ্রামের ব্যবসায়ী মো. জুয়েল মিয়া ও মতিন মিয়া, রাথুরার মো. দেলোয়ার হোসেন মায়া, রসুলপুর গয়হাটা গ্রামের মো. মোনায়েম, পাকুটিয়ার ইমরান খান এবং বারাপুষা গ্রামের সোহেল রানা।
বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে। এসিল্যান্ড অফিসের সাবেক ড্রাইভার মোনায়েম ভার্চুয়ালি যুক্ত হয়ে দাবি করেন, তাকে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে এক লাখ টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, “তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাকে নাগরপুর ছেড়ে যেতে হয়েছে।”
অন্য ভুক্তভোগী জুয়েল মিয়া অভিযোগ করেন, মাটির ব্যবসা করতে হলে ২০ হাজার টাকা দাবি করা হয়। তিনি বলেন, “ভয়ে আমি ১০ হাজার টাকা দেই। এরপর বাকি টাকার জন্য বারবার চাপ দেওয়া হয়। এইভাবে চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।”
সিএনজি চালক ইব্রাহিম বলেন, “তার কারণে আমরা রাস্তায় স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারি না। গাড়ি বের করলেই টাকা দাবি করা হয়।”
এদিকে রাথুরা বাজারের কসমেটিক ব্যবসায়ী দেলোয়ার হোসেন মায়া অভিযোগ করেন, তাকে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং তিনি ৫ হাজার টাকা দিতে বাধ্য হন।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্ত সাংবাদিকের অপসারণ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকতার পরিচয়কে ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি ও হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তা শুধু ব্যক্তি নয়, পুরো পেশার জন্যই ক্ষতিকর। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কায়কোবাদ
নাগরপুর, টাঙ্গাইল
তারিখ: ১৩.০৮.২০২৬