মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের আশ্বাস শিক্ষামন্ত্রী
গবেষণার ফল শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানোর তাগিদ | ৫৭ বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউট
টাঙ্গাইল প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান দেশের শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। এ ছাড়া দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালুর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, মাভাবিপ্রবির শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে তাঁদের গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাচ্ছেন। সরকার চায়, দেশের শিক্ষার্থীরা দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করুন। এ জন্য শিক্ষার্থীদের এখন থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গবেষণার ব্যবহারিক প্রয়োগ নিয়ে ভাবতে হবে।
বিজ্ঞাপন

বাংলাদেশ জনবহুল দেশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার ফল উৎপাদন ও শিল্প খাতে ব্যবহারের কার্যকর উদ্যোগ নিতে হবে।
মাভাবিপ্রবিতে দুটি আবাসিক হল ও স্পোর্টস জোনের আশ্বাস
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধু ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়; শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলাও জরুরি।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
তিনি মাভাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এক হাজার আসনবিশিষ্ট ছাত্র হল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এক হাজার আসনবিশিষ্ট ছাত্রী হল এবং একটি স্পোর্টস জোন প্রতিষ্ঠার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে পাঠদান, ডিগ্রি প্রদান কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান এবং সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা পরিচালনার মাধ্যমে দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। গবেষণার ফলাফল যেন বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে, সে জন্য একাডেমিক কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়াতে হবে।
মাভাবিপ্রবি ইতিমধ্যে এ ধরনের গবেষণা প্রকল্প গ্রহণে ভূমিকা রেখেছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় সমাজের সম্পৃক্ততা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষকসমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সম্পর্ক দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
৩৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর, পুরস্কার পেলেন শিক্ষক-শিক্ষার্থীরা
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২৪টি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ১৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি পাঁচজনকে ‘ইউনিভার্সিটি কমিউনিটি চিলড্রেনস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়ার কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ ছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের মতে, মাভাবিপ্রবি দিবস-২০২৬-এর এ আয়োজনের মূল লক্ষ্য ছিল গবেষণায় উৎকর্ষ অর্জন, উদ্ভাবনকে উৎসাহিত করা, গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারত্ব জোরদার করা।