লোকগীতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জয়, টাঙ্গাইলের অনয়ার গর্বোজ্জ্বল সাফল্য
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী অনয়া সরকার (ইশা) লোকগীতি বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এ সারা দেশে প্রথম স্থান অর্জন করে গৌরবময় সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে টাঙ্গাইলসহ সমগ্র অঞ্চলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন

গত বুধবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনয়া সরকার পদক, সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) গ্রহণ করে।
অনয়া সরকার সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের শংকর সরকার ও তুলি সরকার দম্পতির কন্যা। তার বাবা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। বাবার কর্মস্থলের কারণে বর্তমানে অনয়া কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনয়ার গভীর অনুরাগ ছিল। নিয়মিত চর্চা, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সে ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছে। তার এই সাফল্যের পেছনে মা তুলি সরকার, বাবা শংকর সরকার এবং সংগীত শিক্ষক বাবু অশোক কুমার বিশ্বাসের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনয়া একটি ডুয়েট গান ও চারটি কোরাস গানে অংশ নিয়ে তার সুরেলা কণ্ঠ, আত্মবিশ্বাসী পরিবেশনা ও মঞ্চদক্ষতা দিয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনয়ার বাবা শংকর সরকার বলেন, “পরিবারে সংগীতচর্চার একটি অপূর্ণতা ছিল, যা আমরা মেয়ের মাধ্যমে পূরণ করতে চেয়েছি। লেখাপড়ার পাশাপাশি সঙ্গীতে তাকে উৎসাহ দিয়েছি। তার এই অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান তার মা ও সংগীত শিক্ষকের। অনয়ার নিষ্ঠা ও পরিশ্রমই তাকে আজ দেশের সেরার আসনে পৌঁছে দিয়েছে।”
এদিকে, অনয়ার এই কৃতিত্বে সখীপুরসহ পুরো টাঙ্গাইল জেলার মানুষ গর্বিত। স্থানীয়রা জানান, অনয়ার এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো জেলার জন্যই সম্মানের। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।