
গোপালপুরে অটোরিকশায় ওঠ নিয়ে তর্ক চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গোপালপুর প্রতিনিধি :টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অটোরিকশা চালক চান মিয়া (৪৫) এর মৃত্যুকে ঘিরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।নিহত চান মিয়া উপজেলার মাদারজানি গ্রামের বেপারিপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) সকালে চান মিয়ার অটোরিকশায় উঠতে চান একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ। তিনি গোপালপুর সদরে যেতে চাইলে চান মিয়া যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ফরহাদ চান মিয়ার গলা চেপে ধরেন বলে অভিযোগ পরিবারের । এতে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবার দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন মৃত্যু মেনে নেওয়া যায়না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অটোতে ওঠাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। নিহতের আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।