
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজুর মৃত্যু, এমপি লাভলুর শোক
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন

শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এক শোকবার্তায় এমপি লাভলু বলেন, “শাহজাহান সাজু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন খাঁটি সৈনিক। তাঁর দেশপ্রেম ও জনসেবার মানসিকতা আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর একজন জনবান্ধব নেতাকে হারাল।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এদিকে শাহজাহান সাজুর মৃত্যুতে নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টায় মরহুমের জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
সংবাদ দাতা কায়কোবাদ নাগরপুর টাংগাইল।