
পুলিশি হয়রানির অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ওসির আশ্বাসে স্বাভাবিক হলো যান চলাচল
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানি, ব্যাটারিচালিত অটোরিকশা আটক এবং অযথা টাকা আদায়ের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের আশ্বাস ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের সময় শত শত অটোরিকশা মহাসড়কের ওপর আড়াআড়িভাবে রেখে স্লোগান দেন চালকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সারিতে আটকা পড়ে। অন্য পাশের লেন ফাঁকা থাকলেও অবরোধের কারণে যানবাহন চলাচল করতে পারেনি।
এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের পাশাপাশি রোগীবাহী অ্যাম্বুলেন্সও ভোগান্তির শিকার হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার আহ্বান জানান।
এ সময় শ্রমিকদের উদ্দেশে ওসি বলেন, “এভাবে রাস্তা বন্ধ করা ঠিক না। এটা প্রতিবাদ করার সঠিক নিয়ম না। আপনারা গরিব মানুষ, আপনাদের কষ্ট আমি বুঝি। বিষয়টি আমি সরকারের কাছে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়ে দেব। সরকার একটা ব্যবস্থা নেবে। আপনাদের দায়িত্ব আমি নিলাম। এই এলাকার চেয়ারম্যান সাহেব আপনাদের খোঁজখবর নেবেন।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “দয়া করে বাবারা, আপনারা রাস্তাটা ছেড়ে দিন। হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে।”
ওসির এই বক্তব্যের পর আন্দোলনরত শ্রমিকদের মধ্যে পরিস্থিতি শান্ত হতে শুরু করে।
এ সময় উপস্থিত স্থানীয় এক জনপ্রতিনিধি ও চেয়ারম্যান শ্রমিকদের উদ্দেশে বলেন, ওসি শহিদুল ইসলাম অত্যন্ত ভালো ও মানবিক মানুষ। তিনি শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁর কথার ওপর আস্থা রেখে জনদুর্ভোগের কথা বিবেচনা করে মহাসড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।
আন্দোলনকারী শ্রমিকরা অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলের সময় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাঁদের হয়রানি করা হয়। অটোরিকশা আটক এবং অযথা টাকা আদায়ের কারণেও তাঁরা ক্ষুব্ধ। এসব সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান তাঁরা।
একজন অটোরিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমাদের যদি প্রতিদিন আটক করা হয়, তাহলে আমাদের সংসার চলবে কীভাবে?”
পরে ওসি মো. শহিদুল ইসলামের আশ্বাস এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অচলাবস্থার অবসান ঘটে এবং মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও জানানো হয়েছে।