
১৫ দিনেও সন্ধান মেলেনি ৮ বছরের আশরাফুলের
নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ১৫ আগস্ট ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ৮ বছরের শিশু আশরাফুলের। সন্তানকে ফিরে পেতে মা ইতি বেগমের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ। দীর্ঘদিনেও সন্তানের সন্ধান না পাওয়ায় পরিবারজুড়ে বিরাজ করছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ আশরাফুল উপজেলার সহবতপুর ইউনিয়নের পার ধল্লা গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেলে খামার ধল্লা মাঠের কাছে ফুটবল খেলা দেখতে যায় আশরাফুল। এরপর সন্ধ্যা হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ না পেয়ে থানায় যোগাযোগ করেন তারা।
এ ঘটনায় আশরাফুলের চাচা আরজু মিয়া নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪০, তারিখ ১ আগস্ট ২০২৬।
বিজ্ঞাপন

আশরাফুলের মা ইতি বেগম বলেন, ওই দিন তিনি ও তার স্বামী মাঠে কাজ করতে গিয়েছিলেন। আশরাফুল তার বড় বোন মুক্তার সঙ্গে বাড়িতে ছিল। পরে বিকেলে সে খামার ধল্লা মাঠে ফুটবল খেলা দেখতে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও আশরাফুলের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় এক যুবক শিশুটিকে কিছু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যেতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ফারুক খান বলেন, শিশুটির পরিবার খুবই অসহায় অবস্থায় রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে তারা দিশেহারা। আশরাফুলকে খুঁজে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম পুলিশের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, নিখোঁজ আশরাফুলের সন্ধানে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কাজ করছে। সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও সন্তানের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে আশরাফুলের পরিবারের। তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
কায়কোবাদ
নাগরপুর, টাঙ্গাইল