
টাঙ্গাইলের ভূমিহীনদের সরকারি আবাসনে গাঁজা চাষ: পুলিশের অভিযানে গ্রেপ্তার:
টি আই টুটুল :টাঙ্গাইল সদর উপজেলার ভূমিহীনদের জন্য নির্মিত সরকারি আবাসন প্রকল্পে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার তত্ত্বাবধানে টবে চাষ করা দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।
গত ৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন লৌহজং নদীর তীরবর্তী ধইন্যা ইউনিয়নের বাশার চর সংলগ্ন ভূমিহীনদের জন্য গড়ে ওঠা সরকারি আবাসন প্রকল্পে এ অভিযান চালানো হয়। প্রকল্পের ৩৮টি ঘরের মধ্যে ৯২ নম্বর কক্ষের পেছনে টিউবওয়েলের পাশে টবে সযত্নে চাষ করা দুইটি গাঁজা গাছসহ বেলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল ওই আবাসন প্রকল্পের বাসিন্দা এবং মৃত সামছুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সেখানে গাঁজা সেবন ও চাষের সঙ্গে জড়িত ছিলেন।
বিজ্ঞাপন

অভিযানের নেতৃত্বদানকারী এসআই মনিরুজ্জামান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।