
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকার জাহানারা বিজনেস পয়েন্টের ২য় তলায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মীর সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোনায়েম, সাধারণ সম্পাদক মোঃ রুপম মিয়া এবং আমন্ত্রিত অতিথি সাপ্তাহিক মৌবাজার পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোঃ তাইজুল ইসলাম টুটুল। এছাড়াও রংপুর, বগুড়া, নরসিংদী, চট্টগ্রাম, কক্সবাজার, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বান্দরবান, জামালপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার প্রতিনিধি এবং বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা জানান, কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, গুরুতর আহত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা প্রদান, মিথ্যা মামলায় হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও আর্থিক সহায়তা দেওয়া, অসচ্ছল সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় সহযোগিতা করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ।
বিজ্ঞাপন
এছাড়া সংগঠনের প্রতিটি সদস্যকে একটি ডাটাবেজের আওতায় আনা হচ্ছে, যাতে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে সদস্যদের পরিচয় যাচাই করা সম্ভব হয়। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রংপুরে এক বিঘা জমি দান করার ঘোষণা দেন। শিগগিরই জায়গা নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।
সভায় সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা, বিভাগীয় ও মহানগর কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যোগ্যতা, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে মূলধারার সাংবাদিকদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। যারা নিয়মিত সংবাদ প্রকাশে সক্রিয় নন, তাদের সদস্যপদ না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হয়।
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন—
মাঠ পর্যায়ে কাজ করার সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রটোকল ও সমন্বয় জোরদার করতে হবে।
ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও সাইবার ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া জরুরি।
কোনো ধরনের হুমকি, হামলা বা হয়রানির শিকার হলে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে সংগঠনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে প্রকাশের সংস্কৃতি আরও জোরদার করতে হবে।
স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে পারস্পরিক ঐক্য ও পেশাগত নৈতিকতা অটুট রাখা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সুসম্পর্ক ও পেশাগত সংহতি বৃদ্ধি করা সময়ের দাবি। একই সঙ্গে নির্ভীক, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও কার্যক্রম সম্প্রসারণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত উপস্থাপন করা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।