
৪ দিন ধরে মানববন্ধন ও অনশন: ২০০ মিটার ব্রিজ ও সড়কের দাবিতে কাতুলীবাসীর আর্তনাদ
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল সদর উপজেলার ১১নং কাতুলী ইউনিয়নের ভবানীপুর এলাকায় ২০০ মিটার ব্রিজ ও প্রায় ১ কিলোমিটার সড়ক নির্মাণের দাবিতে টানা চার দিন ধরে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
বিজ্ঞাপন

স্থানীয় মশিউরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে ভবানীপুর বিলে একটি সেতু ও সংযোগ সড়ক না থাকায় দুই এলাকার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এটি শুধু একটি রাস্তার দাবি নয়, এটি হাজারো মানুষের বেঁচে থাকার লড়াই।”
এলাকাবাসী জানান, রাজার মোড় থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে অবস্থিত ভবানীপুর কাতুলী বিলে ২০০ মিটার ব্রিজ ও প্রায় ১ কিলোমিটার সড়ক (গাইড বাঁধসহ) নির্মাণ এখন সময়ের দাবি। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ৫০০-৬০০ শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসায় যাতায়াত করে। এছাড়া ১২ থেকে ১৩টি গ্রামের লক্ষাধিক মানুষের নিত্যদিনের চলাচল এই পথের ওপর নির্ভরশীল।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কাতুলী ও তোরাবগঞ্জ হাটে প্রতিদিন বিপুল পরিমাণ দুধসহ কৃষিপণ্য নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ভৌগোলিক কারণে বছরের প্রায় ৮ মাস এই এলাকার সড়ক পানির নিচে থাকে। ফলে শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এমনকি অনেক শিক্ষক সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারেন না।
এলাকাবাসীর প্রশ্ন, “আমাদের এই দুর্ভোগের শেষ কবে?”
তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, জনস্বার্থে এই প্রকল্প বাস্তবায়ন এখন জরুরি হয়ে পড়েছে।
অতএব, ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রতি জোর দাবি জানানো হয়েছে—অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য।