
টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা, গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার
টাঙ্গাইল প্রতিনিধি :
প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবারের আর্থিক সচ্ছলতার মাধ্যম নয়, পরিকল্পিত ব্যবহার ও বিনিয়োগের মাধ্যমে তা হয়ে উঠতে পারে ভবিষ্যৎ গড়ার শক্তি। প্রবাসী আয়ের সঠিক ব্যবহার, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য নিয়ে টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রেমিট্যান্স মেলা।
বিজ্ঞাপন

‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও তরুণদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এবং টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার একটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। এজন্য অর্থের পরিকল্পিত ব্যবহার, সঞ্চয় এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
বিজ্ঞাপন
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত স্টল অংশ নেয়। এসব স্টলে বিভিন্ন সেবা ও পণ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। এর মধ্য দিয়ে উদ্যোক্তারা নিজেদের পণ্য পরিচিত করার এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পান।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসী পরিবার ও সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের বিকাশেও সহায়ক হতে পারে। প্রবাসীদের পাঠানো অর্থের সুচিন্তিত ব্যবহার নিশ্চিত করা গেলে পারিবারিক সচ্ছলতার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।