
মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্টে আইসিটি বিভাগের শিক্ষার্থীর মৃত্যু
মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুজ্জামান মনি নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে।
বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানান, ঘটনার সময় তারা তিন বন্ধু মেসের তৃতীয় তলার বারান্দায় আড্ডা দিচ্ছিলেন। কথোপকথনের একপর্যায়ে অসাবধানতাবশত মনিরুজ্জামানের হাত বারান্দায় থাকা একটি খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ২২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সন্তোষ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্য রাহেদুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হয়েছে এবং মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও প্রশাসনের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শিক্ষার্থীর স্মরণে শনিবার একদিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এক শোকবার্তায় বলেন, “একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”