
নাগরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামীর আত্মহত্যার চেষ্টা—শাশুড়িও আহত
নাগরপুর থেকে কায়কোবাদ :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিলুফা আক্তার মিলু (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজেও গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় বাধা দিতে এসে শাশুড়ি চেনবানুকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে ধুবড়িয়া এলাকার দহর পাচুরিয়া গ্রামের হযরত আলীর সঙ্গে পার্শ্ববর্তী বাদে কাকনা গ্রামের নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় প্রায় এক সপ্তাহ আগে নিলুফা তার স্বামীকে তালাক দেন।
তালাকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন রাত ৮টার দিকে ধারালো অস্ত্র নিয়ে শ্বশুরবাড়িতে যান হযরত আলী। সেখানে নিলুফাকে দেখামাত্র এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিলুফার মা চেনবানু বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে অভিযুক্ত স্বামী হযরত আলী নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিজের গলা ও পেটে আঘাত করে গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হযরত আলী ও চেনবানুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমী ভৌমিক জানান, গুরুতর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হযরত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চেনবানুকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

নিহত নিলুফার পিতা ছইনুদ্দিন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে মেঝেতে মেয়ের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান।
নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
কায়কোবাদ
সংবাদদাতা তাইকোবাদ নাগরপুর, টাঙ্গাইল
তারিখ: ২৪.০৯.২০২৬