
দেলদুয়ারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ওমরাও খান দীপু এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, পাথরাইল গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা এবং কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন।
বিজ্ঞাপন

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে ওই গৃহবধূ এক স্বজনের কাছ থেকে ধার নেওয়া ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা তাঁকে জোরপূর্বক একটি টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। একই সঙ্গে তাঁর মুঠোফোন ও সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
বিজ্ঞাপন
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন। মামলাটি তদন্তের পর দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওমরাও খান দীপু।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।