
টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীতমুখী সংঘর্ষে ট্রাক ও পিকআপ ভ্যান মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।