
টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলো—পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর দুই ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
পরিবার সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তাদের মা কন্যাসন্তানের জন্ম দেন। এ কারণে তিনি নবজাতককে নিয়ে ব্যস্ত ছিলেন। রোববার সকাল থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন।
বিজ্ঞাপন
পরে দুপুরের দিকে স্থানীয়রা একটি পুকুরে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে এবং গ্রামজুড়ে চলছে শোকের মাতম।