
ঈদের দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হানিফ পরিবহনের বাস খাদে, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের যাত্রার মধ্যেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগলাবাড়ী গ্রামের জাহিদুল ইসলাম (৪৩) ও তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদরের মাগরা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের আরিফ (২২), লালমনিরহাটের মামুন (২৫), গাজীপুরের কোনাবাড়ী এলাকার তারাজুল (৩৮), আমপুর এলাকার নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ এলাকার মেহেদি হাসান (২৬), বাখিয়া এলাকার শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকার রিয়া (২) এবং বাসাইল উপজেলার মো. মোসলেম (৫৫)।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীগামী হানিফ পরিবহনের বাসটি পথে বিভিন্ন স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এলেঙ্গা এলাকা অতিক্রম করার পর বাসটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় বাসটির ছাদ, দরজা ও জানালার বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।