
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ–রাশিয়া, বাড়ছে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা
কালের বার্তা অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশ নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন

রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও মতবিনিময় করেন তারা।
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। সফরটি রাশিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে ল্যাভরভ নতুন দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং জাতিসংঘকে আরও কার্যকর করতে তার প্রচেষ্টায় রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে আগামী অধিবেশনের ফলপ্রসূ অগ্রগতি প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছর দ্বিপক্ষীয় সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশের পক্ষ থেকে ড. খলিলুর রহমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে সোভিয়েত নৌবাহিনীর ভূমিকা উল্লেখ করেন।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। প্রকল্পটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য দুই বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে সম্ভাবনার তুলনায় এটি এখনও কম বলে মত দেন উভয় পক্ষ।
বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার বাজারে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আগামী সপ্তাহে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলকে রাশিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে।
জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা এক লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি সেখানে কর্মরত রয়েছেন।
প্রযুক্তি খাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ছিল আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই ব্যবহারে যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ, যা ইতিবাচকভাবে গ্রহণ করেছে রাশিয়া। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়ন এবং এ খাতে উন্নতমানের প্রতিষ্ঠান গড়ে তুলতেও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ।
বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। কর্মকর্তারা জানান, বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।