
“দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, টাঙ্গাইল ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন সদর”
স্টাফ রিপোর্টার :সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দ্বিতীয় ধাপের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা যত দ্রুত পাওয়া যাবে, তত দ্রুত এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে গোপালপুর, ভূঞাপুরসহ দেশের বিভিন্ন উপজেলায় আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে উঠবে।
বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী’র নির্দেশনায় দেশের ৪ হাজার ৫৯৩টি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও সচেতন জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বিজ্ঞাপন
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ১-০ গোলে গোপালপুর উপজেলাকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটি দেখতে প্রায় ৩৫ হাজার দর্শকের উপস্থিতিতে শহীদ মারুফ স্টেডিয়াম পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে সুমন রেজার দূরপাল্লার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ালে ম্যাচের একমাত্র গোলটি আসে। এরপর গোপালপুর একাধিক আক্রমণ চালালেও গোল পরিশোধ করতে পারেনি।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন টাঙ্গাইল সদরের সুমন রেজা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোপালপুরের মারুফ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় প্রতিমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারি সংস্কার এবং পাশের পুকুরটি আধুনিক সুইমিং পুলে রূপান্তরের ঘোষণাও দেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।