
বেনজীরকে ফেরাতে আইনি লড়াই ও কূটনৈতিক তৎপরতা জোরদার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
কালের বার্তা অনলাইন ডেক্স :
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার সমন্বিতভাবে আইনি ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বেনজীর আহমেদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও সক্রিয় রেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বেনজীর আহমেদের বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে নিযুক্ত একটি আইনজীবী প্রতিষ্ঠানকে আদালতের আদেশের সত্যায়িত কপি সংগ্রহ এবং দ্রুত জামিন বাতিলের আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেনজীর আহমেদের আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
এছাড়া, সরকারের কাছে এমন তথ্য রয়েছে যে সাবেক এই পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। বিষয়টি আইনি কৌশল নির্ধারণে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকার সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানান তিনি।