
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি | ১৫ আগস্ট ২০২৬, শনিবার
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ হোসেন আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী-কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে তার চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে সেখান থেকে চলে যান তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং থানায় যোগাযোগ করেন।
বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আসিফ গতকাল থেকে নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।