
নাগরপুরে ব্র্যাক প্রত্যাশা-২ কর্মশালা: নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা জোরদার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম “প্রত্যাশা-২” এর উদ্যোগে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ এবং বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকিমুক্ত বিদেশগমন নিশ্চিত করতে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম “প্রত্যাশা-২” প্রকল্পের নাগরপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার ফিরোজ আহম্মদ। মূল বক্তব্য উপস্থাপন করেন এমআরএসি, টাঙ্গাইল জেলার সাইকোসোশ্যাল কাউন্সিলর কাব্য মাহমুদ। তিনি নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, প্রতারণার ঝুঁকি, মানব পাচারের কৌশল এবং বিদেশ ফেরতদের সমাজে পুনঃএকীভূত করার গুরুত্ব তুলে ধরেন।
বিজ্ঞাপন

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিদেশ ফেরত অভিবাসী, তাদের পরিবারের সদস্য, শিক্ষক, সম্ভাব্য বিদেশগামী ব্যক্তিবর্গ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা। অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে সচেতনতার বিকল্প নেই। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সঠিক তথ্য জানা এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের সমাজে পুনঃএকীভূত করতে সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালাটি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।