
মুক্তিপণ না পেয়ে কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা, মাটি চাপা—মূল অভিযুক্ত গ্রেফতার নাগরপুরে
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত অনিক (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিজ্ঞাপন

নিহত শামিম উপজেলার ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামের বাসিন্দা বিল্লাল মল্লিকের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট—সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে ভিকন ভাদ্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিক মোবাইল ফোনে ডেকে শামিমকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে দুই দিন পর (২৩ আগস্ট) শামিমের বাবা নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তের একপর্যায়ে শামিমের কললিস্টের সূত্র ধরে সোমবার (২৪ আগস্ট) রাতে পুলিশ অনিককে তার বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে অনিক শামিমকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে এবং তার বাড়ির পাশেই লাশ মাটি চাপা দেওয়ার তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ সময় শামিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন

নিহতের বাবা বিল্লাল মল্লিক অভিযোগ করে বলেন, “অনিক শামিমের মোবাইল থেকে ফোন করে দেড় লাখ টাকা ৩০ মিনিটের মধ্যে পাঠাতে বলে। টাকা না পেয়ে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।” তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা শাহানারা আক্তার। তার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত অনিককে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।”
উল্লেখ্য, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত অনিক মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার পেছনে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে পুলিশ।
সংবাদদাতা: কায়কোবাদ
তারিখ: ২৫ আগস্ট ২০২৬