
তথ্য জানার অধিকার সবার: আবেদন করায় সাংবাদিককে ‘অফেন্সিভ’ হুমকি, ঘাটাইলে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চেয়ে আবেদন করায় এক সাংবাদিককে ‘অফেন্সিভ মোডে’ যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসানের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়াকে মুঠোফোনে কল করে এ ধরনের হুমকি দেন ইউএনও। কথোপকথনে তিনি বলেন, “আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন—এটা ফাজলামি ছাড়া কিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান, আমিও ইউএনও হিসেবে অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করছেন?”
এর আগে একই দিন সকালে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করেন সাংবাদিক মাসুম মিয়া। আবেদনে তিনি ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন আর্থিক তথ্য জানতে চান। এর মধ্যে ছিল—মোট পৌরকর আদায় ও ব্যয়ের খাত, সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত এক শতাংশ রাজস্ব আয় ও ব্যয়, হাট-বাজার থেকে খাস আদায়ের হিসাব, এবং অটোরিকশা ও ভ্যান লাইসেন্স বাবদ আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য।
আবেদন জমা দেওয়ার পরপরই ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ইউএনও মো. মাহমাদুল হাসান ফোন রিসিভ করেননি।
বিজ্ঞাপন

সাংবাদিক মাসুম মিয়া বলেন, “তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সাংবাদিকদের নয়, দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। আমি একজন নাগরিক হিসেবে পৌরসভার স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই তথ্য চেয়েছি। কিন্তু এতে ইউএনও মহোদয় ক্ষুব্ধ হয়েছেন।”
তথ্য অধিকার আইন: নাগরিকের সাংবিধানিক অধিকার
বাংলাদেশে ২০০৯ সালে প্রণীত তথ্য অধিকার আইন অনুযায়ী, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে সংরক্ষিত তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হলো—সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
আইন অনুযায়ী—
যে কোনো নাগরিক নির্ধারিত প্রক্রিয়ায় সরকারি দপ্তরে তথ্যের জন্য আবেদন করতে পারেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমার (সাধারণত ২০ কর্মদিবস) মধ্যে তথ্য সরবরাহ করতে হয়।
তথ্য দিতে অযৌক্তিক বিলম্ব বা অস্বীকৃতি জানালে তথ্য কমিশনে অভিযোগ করার সুযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, তথ্য চাওয়াকে ‘ফাজলামি’ হিসেবে উল্লেখ করা বা আবেদনকারীকে হুমকি দেওয়া আইন ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এতে প্রশাসনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয় এবং নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বিজ্ঞাপন
স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন
স্থানীয় সরকার ব্যবস্থায় পৌরসভার আয়-ব্যয়ের তথ্য জনস্বার্থ সংশ্লিষ্ট। তাই এ ধরনের তথ্য প্রকাশে বাধা বা অনীহা থাকলে তা জনমনে সন্দেহ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন হলে দুর্নীতি কমে এবং জনআস্থা বৃদ্ধি পায়।
ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না আসায় বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।