
নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে পাঁচটি সতেজ গাঁজা গাছসহ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন

নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই ফারুক আহমেদের নেতৃত্বে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. মোনায়েম হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সারাংপুর গ্রামের রাসেল মিয়ার বসতবাড়ির দক্ষিণ ভিটায় অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আঙিনায় সতেজ অবস্থায় থাকা পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার রাসেল মিয়া সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
নাগরপুর, টাঙ্গাইল থেকে কায়কোবাদ
তারিখ: ৭ অক্টোবর ২০২৬